বিতর্কিত ইউএনওকে নেয়নি আইসিটি বিভাগ

৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৩৯  
আইসিটি বিভাগের সহকারী নিয়ন্ত্রক হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে যোগ দিতে পারেননি বিতর্কিত ও দুর্নীতির অভিযোগ ওঠা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সেই নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ ইমতিয়াজ। সোমবার (০৯ সেপ্টেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে যোগ দিতে গেলে তার যোগদান পত্র গ্রহণ করেনি সংশ্লিষ্ট দপ্তর। সূত্রমতে, নির্দেশিত সময়ের মধ্যে যোগ না দিলে ‘স্ট্যান্ডরিলিজ’ (তাৎক্ষণিক অব্যাহতি) হয়ে যাবেন আসিফ ইমতিয়াজ। আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাহিরপুরের সাবেক ইউএনও আসিফ ইমতিয়াজকে আইসিটি বিভাগে বদলি করা হলে তিনি রোববার যোগ দিতে এসেছিলেন। কিন্ত তার যোগদান পত্র রিসিভ করা হয়নি। এমনটি তাকে রিসিভ করাও হবে না বলে জানান তিনি। বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হবে। বিয়য়টি খোদ আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও অবগত রয়েছেন বলে জানান আইসটি সচিব। প্রসঙ্গত, তাহিরপুর উপজেলার সাবেক ইউএনও আসিফ ইমতিয়াজের বিরুদ্ধে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওই তরুণীকে না জানিয়ে তার নামে বিভিন্ন দলিল দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও লেনদেনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আসিফকে আইসিটি বিভাগের কন্ট্রোলার অব ডিজিটাল সার্টিফাইং অথরিটি বিভাগে সহকারী নিয়ন্ত্রক পদে বদলি করা হয়। নতুন কর্মস্থলে রোববারের মধ্যে যোগ দেওয়ার নির্দেশনা রয়েছে প্রজ্ঞাপনে।